প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৭:২৯
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বহুদিন ধরেই আলোচিত নাম লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া পর্যায়ে অসাধারণ পারফরম্যান্সে নিজেকে প্রমাণ করে এবার আন্তর্জাতিক ক্রিকেটেও বাজিমাত করলেন এই ১৯ বছরের তরুণ। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ায়ো টেস্টে অভিষেকেই ঝড় তুললেন ব্যাট হাতে, গড়লেন একের পর এক রেকর্ড।
প্রিটোরিয়াস যখন ব্যাটিংয়ে নামেন, দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল মাত্র ২৩ রানে ৩ উইকেট। পরিস্থিতি আরো খারাপ হয় যখন দল পড়ে ৫৫ রানে ৪ উইকেট। চাপের মুখেও স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১৬০ বলে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা।
সবচেয়ে কম বয়সে অভিষেকে ১৫০
১৯ বছর ৯৩ দিন বয়সে অভিষেকে ১৫০ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েন প্রিটোরিয়াস। টেস্ট ইতিহাসে এত কম বয়সে অভিষেকে এত বড় ইনিংস আগে কেউ খেলেননি। ৪৯ বছর ধরে থাকা জাভেদ মিয়াঁদাদের রেকর্ড ভেঙে দেন তিনি—১৯৭৬ সালে ১৯ বছর ১১৯ দিন বয়সে অভিষেকে ১৬৩ করেছিলেন পাকিস্তানি কিংবদন্তি।
দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কনিষ্ঠ অভিষেক সেঞ্চুরিয়ান
প্রিটোরিয়াস হলেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী ব্যাটসম্যান। আগের রেকর্ডটি ছিল জ্যাক রুডলফের, যিনি ২০০৩ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ২২২ রান করেছিলেন ২১ বছর বয়সে।
দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান
অভিষেক না হোক, সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ানও এখন প্রিটোরিয়াস। আগের রেকর্ডটি ছিল কিংবদন্তি গ্রায়েম পোলকের, ১৯ বছর ৩১৭ দিন বয়সে ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন।
দ্রুতগতির সেঞ্চুরি ও দেড়শ
১১২ বলে শতরান –টেস্ট অভিষেকে দক্ষিণ আফ্রিকার দ্রুততম সেঞ্চুরি। ১৫৭ বলে ১৫০ – দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্রুততম দেড়শ রানের ইনিংস। আগের রেকর্ডটি ছিল এবি ডি ভিলিয়ার্সের (১৬২ বল)।
বিশ্ব রেকর্ড তালিকায় দুইয়ে
অভিষেকে সবচেয়ে কম বলে দেড় শ করার দিক থেকে বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় অবস্থানে। প্রথম স্থানে আছেন ভারতের শিখর ধাওয়ান (১৩১ বলে)।
দুটি অভিষেকে সেঞ্চুরি
২০২৪ সালের ডিসেম্বরে প্রথম শ্রেণির অভিষেকে ১২০ রানের ইনিংস খেলার পর টেস্ট অভিষেকেও শতক করে অনন্য কীর্তি গড়েন প্রিটোরিয়াস। তার আগে কেবল তিনজন ক্রিকেটারই দুটো অভিষেকে সেঞ্চুরি করেছেন –গুন্ডাপা বিশ্বনাথ, ডার্ক ওয়েলহ্যাম ও পৃথ্বি শ।
রেকর্ড জুটি
অভিষিক্ত ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে প্রিটোরিয়াসের ৯৫ রানের জুটি দক্ষিণ আফ্রিকার দুই অভিষিক্ত ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ। ১৯৯২ সালে হাডসন ও কুপারের ৯২ রানের জুটিকে ছাড়িয়ে যান তারা।
মন্তব্য করুন: