প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৬:৪১
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে আগুনে ফর্মে রয়েছেন ভারতের নতুন অধিনায়ক শুবমান গিল। সিরিজের প্রথম দুই টেস্টেই ইতিমধ্যে করেছেন ৫৮৫ রান, যা ক্রিকেটবিশ্বে রীতিমতো আলোড়ন তুলেছে। আজ শুরু হচ্ছে লর্ডস টেস্ট। আর এই ঐতিহাসিক ভেন্যুতে গিলের সামনে রয়েছে আরো ঐতিহাসিক কিছু রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ।
১৯৩৬-৩৭ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যান অধিনায়ক হিসেবে করেছিলেন ৮১০ রান। সেটিই এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড। গিলের তা ভাঙতে লাগবে আর মাত্র ২২৫ রান, হাতে রয়েছে ৬ ইনিংস। এমন ফর্ম থাকলে, এই রেকর্ড অক্ষত থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ছাড়া, এক সিরিজে সর্বোচ্চ ৯৭৪ রানের ঐতিহাসিক রেকর্ডটিও ব্র্যাডম্যানের দখলে, এই রেকর্ডটি তিনি করেছিলেন ১৯৩০ সালের অ্যাশেজে। গিল এই রেকর্ড ছোঁয়ার জন্যও প্রস্তুত। রেকর্ডটি ছুঁতে তাকে করতে হবে আরো ৩৯০ রান। যা বর্তমান ফর্মের বিচারে অসম্ভব কিছু নয়।
টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে দ্রুত ১০০০ রান করার রেকর্ডও ব্র্যাডম্যানের, মাত্র ১১ ইনিংসে। গিল এখন পর্যন্ত ৪ ইনিংসে করেছেন ৫৮৫ রান। একই গতিতে রান করলে এই রেকর্ডটিও ভারতীয় অধিনায়কের দখলে চলে আসতে পারে।
শুধু তাই নয়, এক সিরিজে সর্বাধিক শতকের রেকর্ডেও রয়েছে গিলের হাতছানি। এখন পর্যন্ত তিনি করেছেন ৩টি শতক।
ব্র্যাডম্যান অধিনায়ক হিসেবে করেছিলেন ৪টি, আর ওয়েস্ট ইন্ডিজের ক্লাইড ওয়ালকট করেছিলেন ৫টি। ব্র্যাডম্যানের রেকর্ড ছোঁয়ার জন্য দরকার আর মাত্র একটি শতক, আর ওয়ালকটের সমান হতে চাই দুটি। আবার গিলের সামনে সুযোগ আছে দুজনকেই ছাপিয়ে যাওয়ারও।
আরো একটি রেকর্ড নিজে তৈরি করতে পারেন গিল। আজ পর্যন্ত কোনো ব্যাটারই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১০০০ রান করতে পারেননি। এমনকি ব্র্যাডম্যানও না। কিন্তু গিলের সামনে সেই ‘অসাধ্য’কে ‘সাধ্য’ করার সুযোগ। তার হাতে আছে আরো তিনটি টেস্ট, অর্থাৎ ছয়টি ইনিংস।
মন্তব্য করুন: