প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৫:৩৫
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ফাতিমা সানা শেখ, যিনি ‘দঙ্গল কন্যা’ নামেই বেশি খ্যাত। আমির খানের ‘দঙ্গল’-এ অভিনয় করে রাতারাতি পেয়েছেন তারকাখ্যাতি। এরপর বলিউডে তার যাত্রাটা সহজ হয়েছে। তবে তারকাখ্যাতি পাওয়ার আগে অনেক কঠিন মুহূর্তের সম্মুখীন হতে হয়েছে এ অভিনেত্রীকে। বেশিরভাগ নারী যার মুখোমুখি হয়, সেই যৌন হেনস্থার মুখোমুখি হয়েছিলেন ফাতিমাও।
সম্প্রতি যৌন হয়রানি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। এক ব্যক্তি তাকে প্রকাশ্যে অযাচিতভাবে স্পর্শ করলে প্রতিবাদ জানানোর পর, সেই ব্যক্তিই তাকে আঘাত করে বসেন। হেনস্থার শিকার হওয়ার পাশাপাশি মারও খেতে হয় অভিনেত্রীকে! ফাতিমা বলেনয়, ‘এক বার এক ব্যক্তি আমাকে খুব খারাপ ভাবে স্পর্শ করেছিল।
সঙ্গে সঙ্গে আমি তাকে মেরেছিলাম। কিন্তু সে লোকটাও আমাকে পাল্টা মেরে বসে। খুব জোরেই লেগেছিল আমার। লোকটা আমাকে স্পর্শ করেছিল বলেই আমি তাঁর গায়ে হাত তুলেছিলাম।
কিন্তু সেই লোকটা সহ্য করতে পারেনি। তাই আমাকে পাল্টা মারে এবং আমি পাড়ে যাই।’
অভিনেত্রী আরো বলেন, ‘এই ঘটনার পরে আমি আরও বেশি সতর্ক হয়েছি। ওইদিনের পর বুঝতে পারলাম, এ ধরনের পরিস্থিতি কীভাবে মোকাবেলা করব। কী অদ্ভুত বিষয়! আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটছে জেনেও আমাদের ভাবতে হয়, কী প্রতিক্রিয়া জানাব!’ ওই সাক্ষাৎকারে আরও একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ফাতিমা।
অভিনেত্রী জানান, করোনা অতিমারির সময়ে মাস্ক পরে মুম্বাইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন তিনি। তখন তাঁর পিছু নিয়েছিলেন এক টেম্পোচালক। ফাতিমাকে দেখে অদ্ভুত শব্দ করছিলেন তিনি। বাড়ির গলিতে প্রবেশ করা পর্যন্ত ফাতিমার পিছু নিয়েছিলেন ওই টেম্পোচালক।
সদ্য মুক্তি পেয়েছে অনুরাগ বসুর রোমান্টিক ড্রামা ‘মেট্রো... ইন দিনো’। এতে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ। যেখানে আদিত্য রায় কাপুর, সারা আলি খান, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেন শর্মা এবং আলি ফজলের মতো তারকারাও রয়েছেন। ‘লাইফ ইন আ মেট্রো’র (২০০৭) সিকুয়েল এটি।
মন্তব্য করুন: