প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৫:৩২
কম্বোডিয়ার ছোড়া একটি রকেট থাইল্যান্ডের একটি ব্যস্ত গ্যাস স্টেশনে আঘাত হানলে কমপক্ষে ৬ জন বেসামরিক নাগরিক নিহত হন এবং আরো ১০ জন আহত হন বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র জানান, সিসাকেত প্রদেশের একটি গ্রামে অবস্থিত গ্যাস স্টেশনটি হামলার শিকার হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এবং সিএনএন কর্তৃক জিওলোকেশন যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত একটি দোকানের সামনে কয়েকজন আহত অবস্থায় পড়ে রয়েছেন। দোকানটির প্রবেশপথ ধ্বংস হয়ে গেছে এবং জানালাগুলো চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
পটভূমিতে ধোঁয়া দেখা যায় এবং আহত একজনকে সহায়তা করতে মানুষ ছুটে আসতে দেখা যায়, যিনি একটি পিক-আপ ট্রাকে শুয়ে ছিলেন।
থাই সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, কম্বোডিয়ার বিভিন্ন হামলায় এ পর্যন্ত থাইল্যান্ডে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ছিল মাত্র ৮ বছরের একটি শিশু। এই মৃতদের মধ্যে দুইজন সুরিন প্রদেশে এবং একজন উবোন রাতচাথানি প্রদেশে নিহত হন।
সীমান্ত এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া এই সহিংসতা দুই দেশের সম্পর্ককে আরো সংকটময় করে তুলছে।
মন্তব্য করুন: