প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৩:৩৮
চট্টগ্রামের পটিয়ায় পৈতৃক সম্পত্তির ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র এক বৃদ্ধ নারীকে মারধরের অভিযোগ উঠেছে তার দুই সন্তান ও জামাতার বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত নুর জাহান বেগম (৬৭) নামের ওই নারী সন্তানদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গত রবিবার (১৭ আগস্ট) রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর মনসা গ্রামের বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ছেলে তাজুল ইসলাম টিটু (২৭), মেয়ে ডলি আক্তার (৩০) ও তার স্বামী শফিউল করিম মিলে বৃদ্ধা নুর জাহান বেগমকে পৈতৃক সম্পত্তির কারণে নির্যাতন চালিয়ে গুরুতর আহত করেন।
এরপর গতকাল সোমবার (১৮ আগস্ট) রাতে ভুক্তভোগী বাদী হয়ে তিনজনকে আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছেলে টিটু ও মেয়ে ডলিকে গ্রেপ্তার করে।
গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে জামাতা শফিউল করিম এখনও পলাতক রয়েছেন।
প্রতিবেশীরা বলেন, সন্তানদের হাতে মাকে মারধর শুধু পারিবারিক সংকট নয়, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার চরম অবক্ষয়। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘একজন মায়ের ওপর সন্তানদের হামলার ঘটনা খুবই মর্মান্তিক। এ ঘটনায় মামলায় দায়ের করার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।
পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
মন্তব্য করুন: