প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৪:০৯
রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রুশ কর্মকর্তারা।
ঘটনাটি এমন সময়ে ঘটল যখন রবিবার ২৪ আগস্ট ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস উদযাপন করছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করেছিল।
বিবিসির খবরে বলা হয়, আগুন লাগার ঘটনা নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
বিদ্যুৎকেন্দ্রের টেলিগ্রাম অ্যাকাউন্টে জানানো হয়, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর বিস্ফোরিত হয়ে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত করে। তবে বিকিরণ মাত্রা স্বাভাবিক রয়েছে এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) একাধিকবার রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধ চলাকালীন পারমাণবিক স্থাপনাগুলো ঘিরে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
কুরস্ক অঞ্চলের পারমাণবিক স্থাপনায় হামলার রুশ অভিযোগ নিয়ে ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত বছর আকস্মিক এক পাল্টা অভিযানে ইউক্রেনীয় সেনারা অল্প সময়ের জন্য ওই অঞ্চলে প্রবেশ করেছিল।
মন্তব্য করুন: