প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৫:১৯
কুমিল্লা কারাগারে বন্দি দুই ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে গাঁজাসহ কারারক্ষীর হাতে আটক হয়েছেন মো. সফিক (৬০) নামে অপর ভাই। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ রবিবার (৩১ আগস্ট) সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের চেকপোস্টে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত।
কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন কালের কণ্ঠকে এ তথ্যটি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত মো. সফিক জেলার চান্দিনা উপজেলার রূপনগর গ্রামের ছাদেক মিয়ার ছেলে।
সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, ‘আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কারাগারে বন্দি থাকা ইয়াছিন ও ইসমাইলের সঙ্গে দেখা করতে আসনে তার ভাই সফিক। এ সময় চেকপোস্টে দায়িত্ব পালনকারী কারারক্ষী মো. আব্দুল হান্নানের সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়।
’তিনি আরো বলেন, ‘একপর্যায়ে তার শার্টের পকেটে থাকা এক বিড়ি গাঁজা এবং শরীরে লুকিয়ে রাখা অবস্থায় ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সময় তার মাদক সেবনের অভ্যাস রয়েছে বলে স্বীকার করেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।’
মন্তব্য করুন: