প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৮
বর্তমান বিশ্বের শীর্ষ মিডফিল্ডারদের তালিকায় সেরাদের কাতারে আছেন পেদ্রি। বড় বড় ক্লাবের চাওয়া এমন একজন মাঝ মাঠের খেলোয়াড় খেলবে তাদের দলে। আর সেই স্প্যানিশ তারকা পেদ্রিকেই কিনা ট্রায়াল থেকে বাদ দিয়েছিল রিয়াল মাদ্রিদ।
সম্প্রতি জুড বেলিংহামকে বরুশিয়া ডর্টমুন্ড থেকে দলে ভেড়ানো মাত্রই শুরু হয়ে যায় নতুন এক তুলনা। কে এগিয়ে বার্সেলোনার তরুণ মিডফিল্ডার পেদ্রি নাকি বেলিংহাম? দুজনই গোল্ডেন বয় জেতা প্রতিভা, দুজনই নিজেদের দলের জন্য অমূল্য সম্পদ।
অথচ ভিন্নভাবে ইতিহাস লেখা হলে আজ তারা খেলতে পারতেন একই দলে। কারণ, একসময় পেদ্রি নিজেই রিয়াল মাদ্রিদের ট্রায়ালে অংশ নিয়েছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পেন ও বার্সেলোনার এই মিডফিল্ডার জানালেন, ভ্যালদেবেবাসে তিনি সত্যিই ট্রায়াল দিয়েছিলেন।
তবে আশ্চর্যের বিষয়, তখন তাকে রিয়াল মাদ্রিদ গ্রহণ করেনি। স্প্যানিশ ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে পেদ্রি বলেন, ‘ভ্যালদেবেবাসে টেস্ট দেওয়ার সময়টা অদ্ভুত ছিল। তারা আমাকে বলল আমি পর্যাপ্ত মানসম্পন্ন নই, আর আমি বাড়ি ফিরে এলাম।’
আজ যখন তিনি ব্যালন ডি’অর মনোনীত, বার্সেলোনার অবিচ্ছেদ্য অংশ এবং বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার, তখন প্রশ্ন উঠছে—সে সময় মাদ্রিদের স্কাউটরা কিভাবে তাকে চিনতে ব্যর্থ হলেন?
মন্তব্য করুন: