প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৬
পশ্চিম সুদানে ভয়াবহ ভূমিধসে অন্তত ১,০০০ মানুষের প্রাণহানি হয়েছে। টানা ভারি বর্ষণের পর মাররা পর্বতমালা এলাকায় একটি গ্রাম ধসে পড়ে এবং পুরো গ্রামটি মাটির সঙ্গে মিশে যায়। তবে সেখানে বেঁচে আছেন কেবল একজন মানুষ। বেঁচে যাওয়া ব্যক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গণমাধ্যমগুলো।
ওই অঞ্চল নিয়ন্ত্রণ করে বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ)। গোষ্ঠীটির নেতা আবদেলওয়াহিদ নূর জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী রবিবারের এই ভূমিধসে গ্রামের সব বাসিন্দাই মারা গেছেন। মৃতের সংখ্যা আনুমানিক এক হাজারেরও বেশি। শুধু একজন বেঁচে আছেন।
নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। ঘটনাস্থলের চিত্রে দেখা যায়, লোকজন মাটিতে বসে আছে, চারপাশে তাদের সামান্য কিছু মালপত্র ছড়িয়ে আছে। কেউ কেউ টিন ও কাপড় দিয়ে বানানো অস্থায়ী ছাউনির নিচে আশ্রয় নিয়েছে, অনেকে আবার খোলা আকাশের নিচে রোদে বসে আছেন। গ্রামটি এখন পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।
মন্তব্য করুন: