প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৬
পটিয়ার দক্ষিণ ভূর্ষি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শহীদ (৩৫) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, মৃত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সাদা মিয়ার ছেলে। তিনি আট দিন আগে পটিয়ায় এসে ব্যাটারি-চালিত রিকশা চালানো শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা যাত্রীবেশে শহীদের অটোরিকশায় ওঠে। এরপর তাকে দক্ষিণ ভূর্ষি এলাকার কেসিয়াপাড়া এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে অটোরিকশা থেকে ফেলে দেয়।
এ সময় অন্যান্য রিকশা চালকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা অটোরিকশাটি রেখে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শহীদকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মৃতের মরদেহ গতকাল মঙ্গলবার রাতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে রিকশায় উঠে ছিনতাইকারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘অটোরিকশা চালক শহীদকে বুকে, পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
যাত্রী নিয়ে দক্ষিণ ভূর্ষি এলাকার কেসিয়াপাড়া এলাকায় গিয়েছিলেন তিনি। তবে রিকশাটিতে কতজন যাত্রী ছিল সেটা জানা যায়নি। ধারণা করছি, অটোরিকশা ছিনতাইয়ের জন্য পেশাদার অপরাধীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
মন্তব্য করুন: