প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৯
বছরের পর বছর ব্যবহারকারীদের দাবির পর অবশেষে আইপ্যাডের জন্য একটি আলাদা অ্যাপ আনলো ইনস্টাগ্রাম। ৩ সেপ্টেম্বর থেকে অ্যাপল ট্যাবলেটের জন্য তৈরি এই নতুন অ্যাপ ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারছেন। তবে এ অ্যাপ মোবাইল সংস্করণের থেকে কিছুটা ভিন্ন।
নতুন ডিজাইনের মূল কেন্দ্রে রাখা হয়েছে স্বল্পদৈর্ঘ্য ভিডিও ফিচার। মূল প্রতিষ্ঠান মেটা প্রতিদ্বন্দ্বী টিকটকের সঙ্গে লড়াই জোরদার করতে এ পদক্ষেপ নিয়েছে। এই অ্যাপ ইনস্টাগ্রামের দীর্ঘদিনের আইপ্যাড অভিজ্ঞতা-সংক্রান্ত অভিযোগ দূর করেছে। আগে ব্যবহারকারীদের আইফোন সংস্করণ বড় করে ব্যবহার করতে হতো, যেখানে ভিজ্যুয়াল ঝাপসা ও বেশ কিছু ফিচার অনুপস্থিত ছিল।
আইপ্যাডওএস ১৫.১ বা তার পরের সংস্করণে চালিত ডিভাইসে বিশ্বব্যাপী উন্মুক্ত এই নতুন অ্যাপ খোলার সঙ্গে সঙ্গেই রিলস ফিড চালু হবে—যা ইনস্টাগ্রামের ভাষায় ‘লীন-ব্যাক এন্টারটেইনমেন্ট’।
পাশাপাশি ওপরে থাকবে স্টোরিজ ও এক ট্যাপেই মেসেজিংয়ের সুবিধা। বর্তমানে ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের সময় ব্যয়ের ২০ শতাংশের বেশি জুড়ে আছে রিলস। প্রতিযোগিতাপূর্ণ স্বল্পদৈর্ঘ্য ভিডিও বাজারে ব্যবহারকারীর সম্পৃক্ততা বাড়াতে এটি মেটার একটি কৌশল হিসেবে কাজ করছে।
আইপ্যাড অ্যাপে যুক্ত হয়েছে ফলোয়িং ট্যাব, যেখানে প্রস্তাবিত পোস্ট, পারস্পরিক ফলোয়ারদের কনটেন্ট ও কালানুক্রমিক ফিডের মতো একাধিক ভিউ অপশন থাকবে।
ব্যবহারকারীরা পছন্দ অনুযায়ী এই ফিডগুলোর অগ্রাধিকারও বদলাতে পারবেন। ইন্টারফেসে মাল্টিটাস্কিং লে-আউট সাপোর্ট থাকবে, যেখানে বার্তা ও নোটিফিকেশন পাশাপাশি দেখা যাবে এবং মন্তব্য বিস্তৃত হলেও ভিডিও প্লেব্যাক ব্যাহত হবে না।
অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। ইনস্টাগ্রাম জানিয়েছে, অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জন্যও একটি অনুকূল সংস্করণ শিগগিরই চালু হবে।
মন্তব্য করুন: