প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২
নাটোরে সাতটি উপজেলায় এ বছর মোট ৩৬৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি জানান, নাটোর জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে মতবিনিময়সভা শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) দুর্গাপূজা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা প্রশাসক আসমা শাহীন জানান, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সেনাবাহিনী ও র্যাবের টহল জোরদার করা হবে।
পাশাপাশি তারা ভ্রাম্যমাণ টিম হিসেবে কাজ করবে। প্রতিটি পূজামণ্ডপে আনসার সদস্য ও পুলিশ মোতায়েন থাকবে। সরকারের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে।
নাটোর সদর উপজেলায় ৭৮টি, সিংড়া উপজেলায় ৮৫টি, বাগাতিপাড়া উপজেলায় ২৭টি, লালপুর উপজেলা ৪১টি, গুরুদাসপুর উপজেলায় ৩৩টি, নলডাঙ্গা উপজেলায় ৫৮ টি এবং বড়াইগ্রাম উপজেলায় ৪৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘এ বছর নাটোরে ৬৯টি গুরুত্বপূর্ণ মণ্ডপসহ ৩৬৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। দুর্গাপূজা উপলক্ষে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে। শান্তিপূর্ণ পূজা উদযাপনে নাটোর জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
’তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে মন্দির এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করা হয়েছে।’
মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র, জেলা ও ৭টি উপজেলার পূজা উদযাপন কমিটি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, নাটোর শাখার নেতারা।
সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন। তারা বিভিন্ন মণ্ডপে সম্ভাব্য সমস্যা এবং সীমাবদ্ধতা নিরসনে পুলিশের সহযোগিতা কামনা করেন। এ ছাড়া পূজা শুরু থেকে শেষ পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সহায়তা কামনা করেন।
মন্তব্য করুন: