প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২
ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনুর ইসলাম (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সোয়া নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা সরকার স্টিল মিলের সামনে এ ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ লাইন্সে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ জানান, সরকারি জরুরি ডাক নিয়ে মানিকগঞ্জ থেকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা দক্ষিণপাড়ার মালয়েশিয়া প্রবাসী আবু সাইদের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিনুর মোটরসাইকেলযোগে রাত আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা সরকার স্টিল মিলের সামনে পৌঁছান। এ সময় মোটরসাইকেলের সামনে দিয়ে আকস্মিকভাবে পোশাক কারখানার এক নারী শ্রমিক মহাসড়ক পার হতে দৌড় দেন।
তাকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন শাহিনুর। এ সময় পেছন দিকে থেকে একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে চলে যায়। মূমুর্ষূবস্থায় তারা তাকে উদ্ধার করে দ্রত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারিবাকির সূত্রে জানা গেছে, ২০১৯ সালে শাহিনুর পুলিশ বাহিনীতে যোগদান করেন।
গত তিন বছর আগে শাহিনুর বিয়ে করেন তার পাশের গ্রাম বেলীশ্বরে। তার দেড় বছরের এক ছেলে সন্তান রয়েছে।
গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ জানান, মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত শাহিনুর ইসলাম সরকারি জরুরি ডাক ডিউটিতে থাকাবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে মৃত্য সংক্রান্ত আরটিএ সনদ প্রদানের পর মানিকগঞ্জ পুলিশ লাইন্সে হস্তান্তর করা হয়। সেখান থেকে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন: