শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মিথিলার জীবন বদলে দিল থাইল্যান্ডের ১৯টি দিন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫, ১২:২২

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার এবারের আসর শেষ হয়েছে। শুক্রবার ঘোষিত চূড়ান্ত ফলাফলে চ্যাম্পিয়ন হয়েছেন মিস মেক্সিকো ফাতিমা বশ। আশা জাগালেও শেষ পর্যন্ত মুকুট ছুঁতে পারেননি বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। তবে এতে মোটেও বিচলিত নন তিনি। আগামীর পরিকল্পনা ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন। রোববার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে আলাপে জানালেন—এবার তিনি নিয়মিত অভিনয়ে মন দিতে চান।

শনিবার সকাল থেকে মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছিল। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছিল না। রোববার সন্ধ্যায় ফোন ধরেই মিথিলা বললেন, ‘দুদিন ধরে আমি টানা ১৬ ঘণ্টা করে ঘুমাচ্ছি। তাই ফোন থেকে পুরোপুরি দূরে ছিলাম। ১৯ দিন প্রতিদিন মাত্র তিন ঘণ্টা ঘুমিয়ে চলেছি। সারা দিন নানা ইভেন্ট শেষে রুমে ফিরে মেকআপ তুলে ঘুমাতে যেত দুইটা বাজে। আবার ভোর পাঁচটায় উঠে তৈরি হয়ে সাতটায় লবিতে নামতাম। সারা দিন একের পর এক ইভেন্ট। তাই দুই দিন একেবারে ঘুমিয়ে কাটালাম।’

মিথিলা জানান, তিনি সোমবার থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন। ফেরার আগে জানালেন ভবিষ্যতের সিদ্ধান্ত—‘আমি এখন সিনেমায় অভিনয় নিয়ে ভাবছি। সিরিয়াসলি ভাবছি। নিয়মিত অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।’ মডেল ও অভিনয়শিল্পী মিথিলা এখন পর্যন্ত একটিমাত্র ছবিতে অভিনয় করেছেন—‘রোহিঙ্গা’, যার পরিচালক হায়দার খান। দেশে সিনেমায় অভিনয়ের বেশ কিছু প্রস্তাব পেয়েছেন বলেও জানান তিনি। ‘ভুলভাল কোনো প্রজেক্টে যুক্ত হতে চাইনি। ভালো একটি গল্প দিয়ে দেশের সিনেমায় অভিষেক হোক—এটাই আমার চাওয়া।’

মিস ইউনিভার্সে মুকুট না জিতলেও দর্শকের ভালোবাসাকে নিজের সবচেয়ে বড় অর্জন মনে করছেন মিথিলা। বললেন, ‘আমি পিপলস চয়েজে খুব ভালো করেছি—এটা সবাই জানেন। জায়গা করে নিয়েছি সেরা ৩০–এ। আবার ক্লোজডোর ইন্টারভিউয়ে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছি। সেখানে ফাতিমাকেও পেছনে ফেলতে পেরেছি! সব মিলিয়ে অসাধারণ কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। একই সঙ্গে নিজের ঘাটতির জায়গাগুলোও বুঝতে পেরেছি।’

মিস ইউনিভার্স ক্যাম্পের ১৯ দিন তাঁকে বদলে দিয়েছে বলেও মনে করেন মিথিলা। সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলা, যোগাযোগ দক্ষতা ও নিজেকে উপস্থাপন করার কৌশল—সবই নতুনভাবে শিখেছেন। ‘অনেক প্রতিযোগীর সঙ্গে বন্ধুত্ব হয়েছে। সিস্টারহুড তৈরি করে কীভাবে সম্পর্ক এগিয়ে নিতে হয়, শিখেছি। সবচেয়ে বড় কথা—মিস ইউনিভার্স আমাকে নতুন একজন মানুষ বানিয়েছে।’

এদিকে নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ হলো ‘মিস ইউনিভার্স ২০২৫’। প্রতিযোগিতা শুরুর আগে আয়োজক কর্তৃপক্ষের হাতে ‘অপমানিত’ হন মেক্সিকোর ফাতিমা বশ, যা নিয়ে প্রতিযোগীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সবকিছু পেছনে ফেলে বিজয়ী হন ২৫ বছর বয়সী এই সমাজকর্মী। তাঁকে মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেলভিগ।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন মিস থাইল্যান্ড প্রবিনার সিং।
প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণার তিন দিন আগে দুই বিচারক পদত্যাগ করেন। তাঁদের একজন নির্বাচনপ্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ বলে অভিযোগ তোলেন, যা নিয়ে আয়োজনজুড়ে ছিল অতিরিক্ত উত্তেজনা ও আলোচনার ঝড়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর