প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২২
চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৩ দিনে দেশে মোট ১৫০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এলেও দেশের ১০টি ব্যাংকে এক ডলারও রেমিট্যান্স আসেনি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, রেমিট্যান্স না পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, তিনটি বেসরকারি ব্যাংক এবং পাঁচটি বিদেশি ব্যাংক।
প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরের প্রথম ১৩ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের সিটিজেনস ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।
এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে আল ফারাহ ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংক লিমিটেডেও এ সময় কোনো রেমিট্যান্স আসেনি।
অন্যদিকে, ডিসেম্বরের প্রথম ১৩ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ৩২ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ৭ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে দেশে এসেছে ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। এর আগে মাসের প্রথম ছয় দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার।
এর আগে গত নভেম্বরে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে দেশে। এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আর আগস্ট ও জুলাই মাসে দেশে আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
মন্তব্য করুন: