প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬, ১৬:৫০
পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ।
নিহত মাসুদ রানা নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের আব্দুল মতিন শেখের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রী ও ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে সাগরসহ দুই তিনজন তাঁতিবন্ধ স্টেশন এলাকার সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তারা গরু চোর হবে—এই সন্দেহে স্থানীয়রা চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজন জড়ো হয়। এসময় একজনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুর ১২টার দিকে এসে মরদেহ উদ্ধার করে।
সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি—গরু চুরি করতে এসে গণপিটুতে নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন: