প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৭:১৯
ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া জনগণের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকলেই কেবল এলাকার সমস্যা সমাধান করা যায়।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি বলেন, “এই অঞ্চলে নানা সমস্যা ছিল, কিন্তু সমাধান হয়নি। কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না। ছিল ডামির নির্বাচন।”
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যাতে পরিবার পর্যায়ে ন্যূনতম সহায়তা নিশ্চিত করা যায়। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে সার ও কৃষি উপকরণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, খাল খননের মতো প্রকল্প বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করা হবে। “আমি একা নই, আপনাদের সঙ্গে নিয়েই কাজ করব,”—বলেন তিনি।
ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ভোট দিয়ে চলে এলেই দায়িত্ব শেষ হয় না। কেউ যেন ভোট লুটপাট করতে না পারে, সে জন্য সজাগ থাকতে হবে।
মন্তব্য করুন: