প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৭:০৯
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে এই গ্যাস সংকট শুরু হবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, নন্দনপুর ডিআরএস–এর জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে কুমিল্লা সদর ও কুমিল্লা উপজেলার বিভিন্ন এলাকা, কুমিল্লা বিসিক শিল্পনগরী, কুমিল্লা ইপিজেড এবং এর আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকরা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব ধরনের গ্রাহকের ক্ষেত্রেই এই গ্যাস বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে।
বিজিডিসিএল জানায়, গ্যাস বিতরণ ব্যবস্থার নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতেই এই জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল কর্তৃপক্ষ। একই সঙ্গে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকাকালে বিকল্প জ্বালানির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসী ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে।
মন্তব্য করুন: