প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল দ্রুত প্রকাশে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণের পরদিন শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনার কাজ শেষ হবে।
বুধবার আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কমিশন সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কাজ করছে। সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ থাকছে।
তিনি বলেন, নির্বাচনের পর পাঁচ দিন সময় লাগবে—এমন গুজব ভিত্তিহীন। বাস্তবে গণনা দ্রুত শেষ হবে এবং ফল প্রকাশ করা হবে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, প্রতিটি ব্যালট হাতে গণনা করা হলেও কর্মকর্তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। তাই কেউ ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করবে না। তিনি আরও জানান, ভোটের আগের দিন থেকে সব ধরনের প্রচারণা বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার বন্ধে কঠোর নজরদারি করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা দেখা যায়নি। তবে নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। নির্বাচন কমিশন আশা করছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ সম্পন্ন হবে।
মন্তব্য করুন: